রাজধানীর কারওয়ান বাজার মোড়ের কাছে একটি সড়কের পাশে ভবন নির্মাণের জন্য তৈরি পাইলিংয়ের গর্তে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও সড়কের একাংশ ধসে গেছে। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হোটেলে অবস্থানরত সকলকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে এ ঘটনায় রাস্তার পাশের অস্থায়ী কিছু দোকানসহ ফুটপাত এবং বৈদ্যুতিক খুঁটিও ধসে গেছে। ওই এলাকার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।
ঘটনার কিছুক্ষণ পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হোটেলের আশেপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিসের কর্মীরা আরো ধস প্রতিরোধে তৎপরতা চালাচ্ছেন।