‘জাতীয় তথ্য বাতায়ন’-এর আন্তর্জাতিক পুরস্কার অর্জন



টানা দ্বিতীয় বারের মতো ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

এই প্রকল্পের ‘জাতীয় তথ্য বাতায়ন’ এবছর ‘একসেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ ক্যাটাগরিতে’ সম্মানজনক এ পুরস্কার পেয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় বাংলাদেশের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

এই পোর্টাল থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন, ইউটিলিটি বিল প্রদান, পাসপোর্টের জন্য আবেদন, কর প্রদান, সরকারি ফরম ডাউনলোডসহ প্রায় ১৫০টিরও বেশি ই-সেবা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে (www.bangladesh.gov.bd) ২৫ হাজার ওয়েবসাইট ও ৪২ হাজার সরকারি দপ্তরকে সংযুক্ত করা হয়েছে।

আবুল কালাম আজাদ জানান, তথ্য বাতায়নে ২০ লাখের অধিক কন্টেন্ট, ৪৫ হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি এবং ৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য সমৃদ্ধ ই-ডিরেক্টরি যুক্ত করা হয়েছে।