নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সাইলো রানস অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই সংঘর্ষ হয়।
জানা গেছে, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। সকালে বৃষ্টির কারণে অনেক শ্রমিক নির্ধারিত সময়ে কারখানায় ঢুকতে পারেনি। সকাল নয়টার দিকে বৃষ্টি থামার পর অনেক শ্রমিক ঢুকতে চাইলে কারখানার প্রহরী ও অন্যরা বাধা দিলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন-কারখানার উত্পাদন ব্যবস্থাপক (পিএম) মুনমুন ও সাহাবউদ্দিন, ফ্লোর ইনচার্জ মাসুদ, সিকিউরিটি গার্ড মিরাজ ও আবুল হোসেন, গাড়ি চালক অলিউল্ল্যাহ, শ্রমিক ইদ্রিছ আলী, বাদল, রোজিনা, নার্গিম ও আখি আক্তারসহ ১৫ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর শ্রমিকেরা কারখানায় উত্পাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
এ ব্যাপারে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, কয়েকজন শ্রমিক দেরি করে আসার কারণে তাদের অনুপস্থিত করা হয়। এতে অন্য শ্রমিকরাও ক্ষুব্ধ হয়ে কারখানার লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।