ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

 
জেলার ঘিওরে শিশুকে (১১) ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণের অভিযোগে শাহিন মল্লিক (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বান্দুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
শাহীন ঘিওর উপজেলার চরকুশুন্ডা গ্রামের রমজান মল্লিকের ছেলে ও ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
 
পুলিশ ও নির্যাতিত শিশুটির স্বজনরা জানিয়েছেন, গত ৯ মে বিকেলে শাহিনের বাড়ির পাশ দিয়ে শিশুটি একই গ্রামে তার নানা বাড়ি যাচ্ছিল। এ সময় শাহিন তাকে ফুসলিয়ে নিজ ঘরের ভেতর নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে নির্যাতন করে। একপর্যায়ে শাহিন তার আরেক বন্ধু রমজানকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে আনলে সেও শিশুটিকে নির্যাতন করে। এই ভিডিও শাহিন নিজের মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলা হবে বলে শিশুটিকে তারা হুমকি দেয়। শিশুটি ভয়ে স্বজনদের কাছে বিষয়টি চেপে যায়।
 
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, ঘটনার দুই সপ্তাহ পরে শাহিনের মোবাইল ফোন থেকে ব্লুটুথ দিয়ে গান নিতে গিয়ে গেলে তার সহপাঠী একই গ্রামের রায়হান ও হূদয় ভিডিওটি দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে।
 
তিনি আরো জানান, এ ঘটনায় শিশুটির বাবা গত রবিবার শাহিন ও রমজানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।