সমর্থকদের ভোটে বর্ষসেরা সানচেজ

 
 
ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই অসাধারণ পারফরমেন্সে পেশাদার ফুটবলার্স এসোসিয়েশনের (পিএফএ) সমর্থকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আর্সেনালের তারকা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ।
 
গত বছর বার্সেলোনা থেকে ৫৩.৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আর্সেনালে যোগ দেন ২৬ বছর বয়সী সানচেজ। এসেই নিজের জাত চিনিয়েছেন এ ফুটবলার, ১৬ গোল করার পাশাপাশি আটটি গোলে সহযোগিতা করেছেন। এই পারফরমেন্স তাকে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার জিতে নেন চেলসির ইডেন হ্যাজার্ড। এখানে না পারলেও দুই লাখের বেশী সমর্থকের আস্থা অর্জন করে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও হ্যাজার্ডকে পিছনে ফেলে ফ্যানস এ্যাওয়ার্ড ঠিকই নিজের করে নিয়েছেন চিলির এই তারকা।
 

এই পুরস্কার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রথম বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও তিনি অর্জন করেছেন। সারাবিশ্ব জুড়ে প্রায় মিলিয়ন সমর্থক এখানে ভোট দিয়ে তাদের প্রিয় তারকাকে বাছাই করেছে। এই তালিকায় সানচেজ আবারো হ্যাজার্ডসহ ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পিছনে ফেলেছেন।