বিশ্বের অন্যতম প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং এর বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন মুশফিকুর রহিম। বুধবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
স্যামসাং মোবাইল, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং আইটি পণ্যের দূত হিসেবে কাজ করবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক। ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি.এস.মুন, জেনারেল ম্যানেজার ইয়ং য়ু লি, হেড অফ মোবাইল হাসান মেহদী এবং হেড অফ কনজ্যুমার ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি বদরুল করিম।
এই উপলক্ষ্যে মুশফিকুর রহিম বলেন, ‘স্যামসাং শুধুমাত্র প্রযুক্তিগত উত্কর্ষতার জন্যই নয়, বিশ্বব্যাপী খেলাধুলার সাথে সম্পৃক্ততার জন্যও বিশেষভাবে পরিচিত। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির সাথে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। প্রযুক্তি, ডিজাইন এবং মানের দিক দিয়ে স্যামসাং পণ্য সর্বোত্তম আর সর্বোত্তম পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সিএস মুন বলেন, ‘খেলাধুলা সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর বাংলাদেশে এই চেতনার সবচেয়ে বড় উদ্দীপক হলো ক্রিকেট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুশফিকুর রহিমের স্যামসাং পরিবারের সদস্য হওয়ার মাধ্যমে স্যামসাং এর ক্রিকেট এর সাথে যাত্রা শুরু হলো। আমরা আশা করছি মুশফিকুরের সাথে স্যামসাং এর যাত্রা অসাধারণ হবে এবং ‘মি: ডিপেন্ডেবল’ হিসেবে তিনি স্যামসাং এর ব্র্যান্ডকে আরো সমুজ্জ্বল করতে সহায়ক হবেন।’