বাগেরহাটের মংলা উপজেলার এক মাদরাসা থেকে রিয়াজ খান (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে অপহরণের আশঙ্কায় মঙ্গলবার বিকেলে মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রিয়াজ উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের সুলতান খানের ছেলে। সে একই ইউনিয়নের মালগাজি গ্রামের আলহাজ কোরবান আলী মাদরাসা, হেফজখানা ও এতিমখানার আবাসিক ছাত্র।
ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. শাহ জালাল বলেন, ''গত রবিবার দুপুরে খাবারের আগে 'রিয়াজের বড় ভাই মামুন খান পরিচয়ের' এক ব্যক্তি আমার মুঠোফোনে ফোন করে রিয়াজের চাচা গুরুতর অসুস্থ অবস্থায় মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান। এ সময় ওই ব্যক্তি মাদরাসার গেটে অপেক্ষা করছেন জানিয়ে রিয়াজকে পাঠিয়ে দিতে অনুরোধ করেন।''
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, এ ব্যাপারে শিশুটির বড় ভাই মামুন খান সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।