শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা রিফাত আদনান পাপনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাপন ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র।
গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর করা জিডি আমলে নিয়ে পুলিশ পাপনকে গ্রেফতার করে বুধবার ৫৪ ধারায় আদালতে চালান দেয়। আদালত শুনানি শেষে পাপনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সূত্র জানায়, শাবির ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল পাপনের। কিছুদিন আগে তা ভেঙে যায়। গত রবিবার সন্ধ্যায় এরই সূত্র ধরে পাপন তাকে দেখতে পেয়ে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে পাপন ওই ছাত্রীকে মারধর করে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পাপনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। থানা পুলিশ ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার পাপনকে গ্রেফতার করে।