যাত্রীকে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ, চালক আটক

গাজীপুরে ভাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে বাসের চালক ও দুই সহকারী এক যাত্রীকে চলন্তবাসের চাকায় পিষ্ট করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাস কন্ট্রাক্টর ও হেলপারের হামলায় দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে গাজীপুর সিটি মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজিত রায় (২৫) নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, টিটু (২৫) ও তার ভাই পিন্টু (২২)। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
 
যাত্রী নিহতের মামাত বোন লিপি রাণী জানান- তিনি, নিহত সুজিত রায় তার ফুফাত ভাই পিন্টু, টিটু, ও টিটুর স্ত্রী ঝুমকা রাণীসহ পাঁচজন গাজীপুরের উদ্দেশে নেত্রকোনার কেন্দুয়া থেকে সকাল আটটার দিকে নিলয় পরিবহনের একটি বাসে চড়েন। পাঁচজন চার সিটে বসে চারজনের ভাড়া দিবেন সহকারীর সাথে এমন আলোচনা সাপেক্ষে তারা গাজীপুরে আসেন।
 
দুপুর একটার দিকে চান্দনা চৌরাস্তায় এসে বাস থামার পর বাসের এক সহকারী পাঁচ সিটের ভাড়া দাবি করে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বাসের ওই সহকারী যাত্রী টিটুর গালে থাপ্পর দেয়। এর পর চান্দনা চৌরাস্তায় তারা বাস থেকে নামার সময় হেলপার ও সহযোগীরা মিলে ওই তিন ভাইকে মারধর করে। এক পর্যায়ে ইট দিয়ে সুজিতের মাথায় আঘাত করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় বাসটি দ্রুত চলতে থাকলে সুজিত ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
পুলিশ বাসের চালক দুলাল মিয়াকে আটক ও বাসটি জব্দ করেছে।