পোস্তগোলায় টার্মিনাল ভবন নির্মাণ করা হবে : নৌমন্ত্রী

 
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের সুবিধার্থে পোস্তগোলা এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। 
সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ উদ্বোধনীর পর এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ প্রকল্প অর্থায়ন করেছে  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। 
 
তিনি সদরঘাটের যানজট নিরসন এবং দোকানদার ও হকারদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনালের বিপরীতে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি আহবান জানান।
 
সদরঘাট টার্মিনালের পূর্ব পার্শ্বস্থ পার্কিং ইয়ার্ডে (সাইকেল মাঠ) এক সুধী সমাবেশে মন্ত্রী বলেন, সরকার নৌ সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। 
 
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য হাজী মো, সেলিম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম।
২০১৬ সালের জুনের মধ্যে এ রাস্তার নির্মাণ কাজ শেষ হবে। এতে ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা। এর ফলে সদরঘাট টার্মিনাল এলাকায় যানজট হ্রাস পাবে এবং সদরঘাট টার্মিনাল ও প্রস্তাবিত শ্মশানঘাট টার্মিনাল এলাকায় স্বাভাবিক বন্দর সুবিধাদি উন্নয়নের মাধ্যমে যাত্রী চলাচল সহজ হবে। এ প্রকল্পের মধ্যে রয়েছে ২ দশমিক ৫০ কিলোমিটার আরসিসি রাস্তা ও ড্রেন, তীর রক্ষা কাজ ও স্পাড নির্মাণ।