চট্টগ্রামে ওসি ও এসআই’র বিরুদ্ধে মামলা

 
জেলার রাঙ্গুনিয়া উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আলামত নষ্ট করা এবং কিশোরীর অপ্রাপ্তবয়স্ক ভাইকে জোরপূর্বক মামলার আসামি করার অভিযোগে স্থানীয় থানার ওসি হুমায়ুন কবির ও শিলক ফাঁড়ির ইনচার্জ এসআই মজিবর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মীর শফিকুল ইসলামের আদালতে বাদী হয়ে মামলাটি করেন ধর্ষিতা কিশোরীর মা।
 
আদালত সূত্র জানায়, সমপ্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক গ্রামের দরিদ্র এক রিকশাচালকের ১৩ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়ে অন্ত্বঃসত্তা হয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিমের মা রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
 
তবে অভিযোগ পাওয়া গেছে, শাহ আলম থানাকে ম্যানেজ করে ভিকটিমের মায়ের দায়ের করা এজাহার ছিঁড়ে নতুন এজাহারে স্বাক্ষর নিয়ে ভিকটিমের আপন ভাইকে ধর্ষক সাজিয়ে কোর্টে চালান দেয়া হয়।
 
 ওই রাতেই প্রভাবশালীদের চাপে শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়। আদালত বয়স বিবেচনা করে শিশু আসামিকে গাজীপুর শিশু সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেয়।