গণজাগরণমঞ্চের অন্যতম সংগঠক ব্লগার প্রকৌশলী রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন নিহতের বাবা।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক সাইদ আহমেদ মামলার বাদী নিহতের বাবা ডা. নাজিম উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করে। আসামিদের পক্ষে তাকে জেরা শেষে বিচারক আগামী ২ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে।
সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আসামি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা (৩০) পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মাহাবুবুল আলম। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক আহমেদ।
এর আগে মামলার অভিযোগপত্রে ত্রুটি থাকায় গত ২১ মে আসামিদের বিরুদ্ধে সংশোধিত ধারায় অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ২৮ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে রাজীব হায়দার শোভনকে পল্লবীর কালশীর পলাশনগরে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘থাবাবাবা’ নামে একটি ব্লগে তিনি লেখালেখি করতেন। এ ঘটনায় নিহতের পিতা মো. নিজামউদ্দিন রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।
আবুল কালাম আজাদ/