ফিফা সভাপতি নির্বাচনের প্রাক্কালে ফুটবলের বিশ্ব সংস্থাটির সাত কর্মকর্তাকে সুইজারল্যান্ডের পুলিশ দুর্নীতির অভিযোগে বুধবার সকালে জুরিখের এক হোটেল থেকে গ্রেফতার করে। এদের মধ্যে আছেন জেফরি ওয়েবসহ ফিফার দুই সহ-সভাপতি।
মূলত ১৯৯০ দশক থেকে প্রায় ১৫ কোটি ডলার ঘুষ গ্রহণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে ফিফা কর্মকর্তাদের গ্রেফতার করা হলো। এদের বিরুদ্ধে মানি লন্ডারিং থেকে শুরু করে রাশিয়া ও কাতারকে দুইটি বিশ্বকাপ আসর বরাদ্দ বাবদ ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এ দুইটি বিশ্বকাপের একটি আসরের বরাদ্দ পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা করেও ভোটে জিততে পারেনি। আগামীকাল শুক্রবার জুরিখে ফিফার সভাপতি পদে নির্বাচনের আগে এই ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধে সুইস পুলিশ সাদা পোশাকে ফিফার এই কর্মকর্তাদের জুরিখের অভিজাত এক হোটেল থেকে গ্রেফতার করে।
যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের তদন্তে গত দুই দশকে ফিফায় বিশ্বকাপ বরাদ্দ, বিপণন ও সম্প্রচার স্বত্ব বিক্রি থেকে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়। গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের মধ্যে আছেন ফিফার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনফেডারেশনের প্রধান সহ-সভাপতি জেফরি ওয়েব এবং আরেক সহ-সভাপতি ইউহেনিও ফিগুয়েরেদো।