ঘুষের বিনিময়ে দুর্নীতিগ্রস্ত ফিফা কর্মকর্তারা ২০১০ সালের বিশ্বকাপের স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিডে বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যার্টনি জেনারেল লোরেটা লিঞ্চ।
এক সংবাদ সম্মেলনে লিঞ্চ বলেছেন, ‘২০০৪ সালের দিকে ২০১০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার জন্য বিডিং (জেতার জন্য বিভিন্ন দর ঘোষণা) প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত তা দক্ষিণ আফ্রিকার ভাগ্যেই যায়। এই প্রথমবারের মতো আফ্রিকান মহাদেশ বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগ লাভ করে। কিন্তু তা এমনিতেই হয়নি। ঐতিহাসিক এই ইভেন্টকে তখন থেকেই দুর্নীতির বেড়াজালে ঘিড়ে ফেলে বেশ কিছু অসাধু কর্মকর্তা। ঘুষের বিনিময়ে তারা স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিডে বিজয়ী করে।’
তবে আসন্ন ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লিঞ্চ। কিন্তু তিনি জানিয়েছেন ইতোমধ্যেই সুইস কর্তৃপক্ষ এই সংক্রান্ত ভিন্ন দুটি তদন্ত কমিটি করেছে। তাদের কাজ হচ্ছে কিভাবে এই দুই দেশ বিশ্বকাপ আয়োজোক স্বত্ব লাভ করলো তা খতিয়ে দেখা।
যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক এই তদন্ত কর্মকর্তার মন্তব্যকে একেবারেই উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকান ফুটবল এসোসিয়েশন। সেখানকার এক মুখপাত্র ডোমিনিক শিমাভি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এগুলো শুধুমাত্র অভিযোগ। এখানে এগুলো নিয়ে কোনো তদন্ত কখনই হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের তদন্ত কমিটি প্রকাশ করেছে গত প্রায় ২৪ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার ১৪জন সিনিয়র কর্মকর্তা এবং মার্কেটিং এক্সিকউটিভ বিশ্বকাপকে ঘিড়ে প্রায় ১৫১ মিলিয়ন মার্কিন ডলারের ঘুষ লেনদেনের সাথে জড়িত ছিল।
খবর বাসসের।