সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া তালিকায় নাম লেখালেন গায়িকা বিয়ন্সে। জনপ্রিয়তার ঝুলিতে আরও একটি প্রাপ্তি যোগ করলেন তিনি। সুন্দরী এই গায়িকা সবসময়ই নানা জরিপে এগিয়ে থাকেন ভক্তদের কারণে। এবারও ব্যতিক্রম হলো না। তার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে বাজিমাত করেছেন ব্রিটিশ সংগীতশিল্পী স্যাম স্মিথ। অপরদিকে তিনটি পুরস্কার জিতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন বিয়ন্সে নোলেস। সেরা আর অ্যান্ড বি পারফর্মেন্স, সেরা আর অ্যান্ড বি গান ‘ড্রাঙ্ক ইন লাভ’ এবং সেরা সারাউন্ড সাউন্ড অ্যালবাম ‘অন দ্য রান ট্যুর :বিয়ন্সে অ্যান্ড জে-জি’র জন্য এবারের আসরে মোট তিনটি পুরস্কার অর্জন করেন তিনি। এর মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা নাম লেখালেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যামিজয়ী তারকা হিসেবে। সবমিলিয়ে ২০টি গ্র্যামি জেতা এই তারকা পেছনে ফেলেছেন অ্যারেথা ফ্র্যাঙ্কলিনের ১৭টি গ্র্যামি জয়ের রেকর্ডকে। ২৭টি গ্র্যামি জিতে তার সামনে এখন কেবল অ্যালিসন ক্রাউস।
বিয়ন্সে নোয়েলস মার্কিন সঙ্গীতশিল্পী। এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত হয়েছেন বিয়ন্সে নোয়েলস। ২০১২ সালে জনপ্রিয় সাময়িকী পিপল সংগীত তারকা বিয়ন্সে নোয়েলসকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে মনোনীত করে। পত্রিকাটির বিশেষ সংখ্যায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়। এতে এক নম্বরে জায়গা করে নিয়েছেন বিয়ন্সে। এই কৃতিত্ব অর্জনের অনুভূতি জানাতে গিয়ে বিয়ন্সে বলেন, ‘এর আগে নিজেকে যতটা সুন্দরী বলে ভেবেছি, এখন এর চেয়ে আরও বেশি মনে হচ্ছে।’
এর আগে ৫২তম গ্র্যামির আসরে শীর্ষ ৬টি পুরস্কার জিতেছিলেন বিয়ন্সে নোয়েলস। বিয়ন্সে নোয়েলসই প্রথম গায়িকা, যে গ্র্যামির এক আসরে সর্বাধিক পুরস্কার জিতেছেন। পেয়েছিলেন সর্বাধিক মনোনয়ন। বিবিসি তাই স্বাভাবিকভাবেই বিয়ন্সে নোয়েলসকে অভিহিত করেছে ‘গ্র্যামির রানি’ হিসেবে। সম্প্রতি বিশ্বের একশ জন প্রভাবশালী তারকার নামের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। প্রথমবারের মতো এ তালিকায় ঠাঁই পেয়েছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্সে নোয়েলসের নাম। আর প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। একশ ১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০১৪ সালের তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন ৩২ বছর বয়সী এ পপতারকা। তালিকায় বিয়ন্সের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিলেন তার র্যাপ সংগীতশিল্পী জে-জি। ৬০ মিলিয়ন ডলার আয় করায় ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ৪৪ বছর বয়সী এ গায়ককে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিলেন যথাক্রমে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস এবং হিপহপ তারকা ড. ড্রি। চতুর্থ অবস্থানে রয়েছিলেন প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও হলিউড অভিনেত্রী অপরাহ উইনফ্রে।