গাজীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম হাবিবা।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাবিবা বেগম তার স্বামী জাকির হোসেনকে হত্যা করে। পরে তিন কন্যাসহ হাবিবাকে গ্রেফতার করা হয়েছে।
হাবিবা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী জাকির হোসেন প্রতিদিনই তিন সন্তানসহ তাকে হত্যার হুমকি দিত। তাই রাগে সে স্বামীকে গলা কেটে হত্যা করে।
স্থানীয়রা জানায়, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তিনটি কন্যা সন্তান হয়। বড় মেয়ে সিনথিয়া তৃতীয় শ্রেণি ও মেঝো মেয়ে সোমাইয়া আক্তার দ্বিতীয় শ্রেণিতে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।