টানা চার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক প্রায় ১৭৫ বাড়ার পর দুই দিন কিছুটা দর সংশোধন হওয়ায় সার্বিক মূল্যসূচক কমেছে ৮২ পয়েন্ট। তবে লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন—কয়েক দিন টানা দর বাড়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে চাইছেন। এ জন্য সূচক কিছুটা কমে গেছে—এটা বাজারের স্বাভাবিক প্রক্রিয়া।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭১ কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ২৮ কমে ১ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৩২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০২ কমে ১৪ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৪ কোটি ১৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দর।