আইএসআই সন্দেহে আটক পাকিস্তানি ৩ দিনের রিমান্ডে

 
গাজীপুরে আইএসআই সদস্য সন্দেহে আটক পাকিস্তানি নাগরিক খালিদ মেহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
গাজীপুর কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে খালিদ মেহমুদকে বৃহস্পতিবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক এলিনা আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ, গত রবিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন্স টেক্সটাইল লিমিটেড কারখানা থেকে পাকিস্তানী নাগরিক খালিদকে আটক করা হয়। তিনি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’র সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
 
খালিদ গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন্স টেক্সটাইল লিমিটেড কারখানায় গত বছরের ১৯ নভেম্বর থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করে আসছিলেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ৬ তারিখ।
তার পিতার নাম মো. আরশাদ। সাং-২৬০/বি, মিল্লাত টাউন, ফয়সালাবাদ, পাকিস্তান। তার পাকিস্তানী নাগরিকত্ব আইডি নং ৬১১০১-১৭৬৭৭২৪-৩, পার্সপোর্ট নং- ইএফ ০১৫৭২৪২।
 
খালিদ মেহমুদ এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বেইজ স্থাপনা এবং রাডার টেকনোলজির উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন।