চলন্ত বাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। ওই নারীর চিত্কারে স্থানীয়রা বাসটিকে ধাওয়া দিলে সেটি দুর্ঘটনায় পতিত হয় এবং রক্ষা পান তারা। গত বুধবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুত্ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জনসেবা পরিবহনের ওই বাসের চালক আশরাফ উদ্দিনকে (২২) গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে।
ওই নারী জানান, বুধবার রাত ১২টার দিকে তিনি ও তার স্বামী গাবতলী থেকে বাইপাইলের উদ্দেশে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে পলাশবাড়ী এলাকায় পৌঁছার আগেই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করার পর বাসটি নিয়ে উল্টো পথে চলতে শুরু করে। তিনি বলেন, রাত দেড়টার দিকে তার স্বামীকে বাসের পাটাতনে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি চিত্কার শুরু করলে স্থানীয়রা বাসটি ধাওয়া করে। এক পর্যায়ে বাসটি দুর্ঘটনায় পতিত হলে দ্রুত বাস থেকে চালক, হেলপার ও দুর্বৃত্তরা নেমে পালিয়ে যায়। এ সময় ধস্তাধস্তিতে আহত হন দু’জন।
খবর পেয়ে পুলিশ প্রথমে আহতদের স্থানীয় হাসপাতালে, পরে ঘটনার বিস্তারিত জানার জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধ?ূ আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ধারণা করছি চালক, হেলপারের সঙ্গে দুর্বৃত্তদের যোগসাজশ রয়েছে। পূর্বপরিকল্পিতভাবেই তারা ৫/৭ জন এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, বাসের অন্য যাত্রীরা তাদের গন্তব্যে নেমে পড়লে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। যত দ্রুত সম্ভব জড়িতদের আইনের আওতায় আনা হবে।