চতুর্থ ‘সীমান্ত হাট’ উদ্বোধন করবেন হাসিনা-মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬-৭ জুন বাংলাদেশ সফরের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে চতুর্থ ‘সীমান্ত হাট’ উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে এই হাটের উদ্বোধন করবেন মোদী। পশ্চিম ত্রিপুরার কসবাতে উদ্বোধন হতে যাওয়া এই হাট ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যয়ে নির্মিত হয়েছে। সীমান্তের উভয় পাশের লোকজনের ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে এটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

 
হাটের উদ্বোধনী উপলক্ষ্যে বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটি (বিএইচএমসি) বুধবার একটি বৈঠক করেছে যেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হয়। ত্রিপুরার সিপাহিজালা জেলার এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মকর্তাদের নিয়ে বিএইচএমসি গঠিত। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী এই হাট উদ্বোধন করবেন বলে জানায় বিএইচএমসি। এই হাটে স্থানীয় ১৫/১৬ রকমের কৃষিজ ও প্রাণিজ পণ্য ছাড়াও ক্ষুদ্রশিল্পের পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী জানান, ভারতের বাণিজ্য মন্ত্রী ২ দশমিক ৪৮ কোটি রুপি দিয়েছেন এই হাট প্রতিষ্ঠার কাজে। হাটের অবস্থান হবে আগরতলা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) এই হাট ছয় ঘন্টার জন্য বসবে।
 

ফেনীর ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম-ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে (ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে) গত ১৩ জানুয়ারি তৃতীয় সীমান্ত হাট উদ্বোধন হয়। এর আগে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে (ভারতের পশ্চিম গারো হিলের কালাইয়ের চর সীমান্তে) এবং সুনামগঞ্জ সদরের ডলোরা সীমান্তে (ভারতের পূর্ব খাশি হিলের বালাত সীমান্তে) দু’টি সীমান্ত হাট চালু করা হয়।