রামগতিতে বাসে ডাকাতি

 
লক্ষ্মীপুরে রামগতি-চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘বৈশাখী পরিবহনে’ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর মহিপাল-দাগনভূঁইয়া মহাসড়কে এই ডাকাতির ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধর করেছে বলে জানা গেছে।
 
কমলনগর উপজেলার চরবসু এলাকার মো.সুজন ও শাহিনুর বেগমসহ কয়েক যাত্রী জানান, সাত-আট জনের একদল ডাকাত চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনাল থেকে যাত্রীবেশে বাসে ওঠে। রাত তিনটার দিকে বাসটি ফেনীর মহিপাল পার হলে এক ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে চালকের আসনে বসে নৈশকোচটি চালাতে থাকে। অন্যরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণ-অলংকার, মোবাইলফোন সেট ও নগদ টাকাসহ মালামাল লুট করে। পরে দাগনভূঁঁইয়ার কাছাকাছি এসে তারা পালিয়ে যায়।
 
আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের রামগতি শাখার সভাপতি বেলাল হোসেন জানান, ডাকাতদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে যাত্রীরা নৈশকোচের চালক ফরিদ উদ্দিন ও তার  সহযোগী মফিজ উদ্দিনকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, করুণানগর চকবাজার এলাকা থেকে চালক, সহযোগী ও কয়েকজন যাত্রীকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।