সন্ধ্যার পর নারী কর্মকর্তাদের ব্যাংকে না রাখার নির্দেশ

ব্যাংকের নারী কর্মীদের সন্ধ্যা ৬টার পর কর্মক্ষেত্রে না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কোনও যৌক্তিক কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই বন্ধ করতে হবে। অপরদিকে, সরকার নির্ধারিত সময়ের পরে ব্যাংক কর্মীদের কর্মক্ষেত্রে অবস্থান বাধ্যতামূলক করা যাবে না। 
 
বাংলাদেশ ব্যাংক থেকে অন্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দেয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ব্যাংকিং সময়সূচির পর কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তাছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরিতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়।
 
আরও বলা হয়েছে, 'এখন এ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ৬টার পর কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ প্রয়োজনে যদি কোনও নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয় তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।
 
ছাঁটাই প্রসঙ্গে বলা হয়েছে, ব্যাংক থেকে ইচ্ছামাফিক ঢালাওভাবে কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগের সময় পেশাদারিত্বের সঙ্গে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।