শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি বিরল প্রজাতির কালি কাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দু’টি ব্যাগ থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের বহির্গমন এক নম্বর গেটের লাগেজ স্ক্যানিং মেশিনের পাশে দু’টি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ দু’টির কোনো মালিক পাওয়া না যাওয়ায় কাস্টমস কর্মকর্তারা ব্যাগ দু’টিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৩০টি কচ্ছপ উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, বেলা সাড়ে ১২টার একটি ফ্লাইটে করে কচ্ছপগুলো মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।