রাজধানীতে অপহৃত প্রতিবন্ধী তরুণী উদ্ধার: গ্রেফতার ২

 
 
 
রাজধানীর ডেমরা থেকে অপহূত এক প্রতিবন্ধী তরুণীকে (১৯) উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইলিয়াস (২৮) ও নজরুল (২৬)। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
 
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান—গত ২৬ মে ওই তরুণীকে অপহরণ করে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দেয়ার পরও ওই তরুণীকে না ছাড়ায় তার ভাই র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাতে পূর্ব বক্সনগর এলাকায় একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করে র্যাব-১০। এ সময় নগদ ১৩ হাজার টাকাসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।