ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেওয়ার অভিযোগে লুই সুয়ারেজের উপর ফিফা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করা উচিত বলে মনে করেন উরুগুয়ের খেলোয়াড়দের ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা আরনেস্ট লিয়োত্তি। শুক্রবার অনুষ্ঠিত ফিফার সভায় তারা সুয়ারেজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।
১১ জুন চিলিতে শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের সেরা তারকা সুয়ারেজ। নিষেধাজ্ঞা বাতিলের পিছনে যুক্তি দেখিয়ে লিয়োত্তি বলেন, ‘বর্তমান দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ফিফার গত কয়েক বছরের সিদ্ধান্ত প্রশ্নের সম্মুখীন। সুয়ারেজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা ফিফা শৃঙ্খলা কমিটির একজন সদস্য ছিলেন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া সদ্য বহিস্কৃত ভেনিজুয়েলার ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল এস্কুইবেল।’
চিয়েলিনিকে কামড় দেওয়ার অভিযোগে সব ধরনের ফুটবল থেকে চার মাস এবং নয়টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ হন সুয়ারেজ। ক্লাব ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লিভারপুল থেকে বার্সালোনায় এসে দারুণ একটি মৌসুম কাটালেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এখনও শেষ হয়নি।—বিবিসি