সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

 
 
 
 
সিরাজগঞ্জ সদর উপজেলার আগবয়ড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে ইউনুস আলী কালু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের রহিম উল্লাহ প্রামানিকের ছেলে। হামলায় তার স্ত্রী মাজেদা বেগম গুরুতর আহত হয়েছেন। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে—আগবয়ড়া গ্রামের ইউনুস আলী ওরফে কালু এবং সুজাবত আলী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের ধরে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।  ইউনুস আলীর দায়ের করা মামলায় সুজাবত আলীসহ তার দলের কয়েকজন কারাভোগ করেছেন।
 
এক সপ্তাহ আগে সুজাবত আলী জামিনে মুক্তি পান। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সুজাবত দলবল নিয়ে ইউনুস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ইউনুস আলী ও তার স্ত্রী মাজেদা বেগমকে গুরুতর জখম করে এবং  তার  বাড়িঘরে ভাংচুর চালায়। আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকালে ইউনুস আলী মারা যান। ইউনুস আলীর মুত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান—এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ থানায় মামলার দায়েরের  প্রস্তুতি চলছে।