দেবিদ্বারে শতাধিক মাদক কারবারী আটক

মাদকের চোরাচালান রোধে কুমিল্লার দেবিদ্বারে মাদক বিরোধী অভিযান চলমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। পুলিশ জানায়, এদের মধ্যে অনেকে থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়,  মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারের নেতৃত্বে সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান কয়েকজন উপ-পরির্শক ও সহকারী পরিদর্শকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেবিদ্বার উপজেলার থানার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও নগদ জরিমানা করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। 

এব্যাপারে দেবিদ্বার থানার সিনিয়র উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান জানান, দেবিদ্বারকে মাদকমুক্ত করতে দিন-রাত পুলিশের অভিযান চলছে। সমাজ থেকে মাদকের বীজ উপড়ে ফেলতে দেবিদ্বার থানা পুলিশ বদ্ধপরিকর।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, ‘মাদকের সঙ্গে কোন আপোষ নেই। আমরা মাদক যেখানে আছে সেখানে অভিযান পরিচালনা করছি। মাদক কারবারীরা মাটির ভিতরে থাকলেও তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান এখনও চলছে এবং অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ ‘শঙ্কামুক্ত নন’ ওবায়দুল কাদের

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, মাদকের সঙ্গে জড়িত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সরকার মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। আটক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু