শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় পল্লী বিদ্যুত্ সমিতির এক উপ-ঠিকাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আমিরুল ইসলাম (২৮) শাকপালা এলাকার জাহেদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির উপ-ঠিকাদার হিসেবে কাজ করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান আমিরুল। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।