জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। 
 
শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে স্বামীর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন খালেদা জিয়া।
 
এ সময় নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জাতীয়তাবাদী উলামা দলের দোয়া ও মিলাদেও অংশ নেন খালেদা জিয়া।
 
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মুশফিকুর রহমান, রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আহমেদ আজম খান।
 
জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন।