পাবনার চাটমোহরে শনিবার সকালে পানিতে ডুবে মারা গেছে দুই কন্যা শিশু। নিহতরা হলো- উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শিখা খাতুন (৫) ও ভুট্টো প্রাং এর মেয়ে আরিফা খাতুন (৪)।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামের প্রতিবেশী দুই শিশু কন্যা খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আরিফা পানি তুলতে গিয়ে পড়ে যায়। এ সময় শিখা তাকে তুলতে গেলে দুইজনেই পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজ করতে করতে পুকুরে গেলে দু’জনকে এক সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। দুই শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।