এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পাশের হারে দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। রাজশাহী বোর্ডের পাশের হার শতকরা ৯৪ দশমিক ৯৭ ভাগ। অবশ্য গতবছরের পাশের হার ছিল শতকরা ৯৬ দশমিক ৩৪ ভাগ।
এবার ২ হাজার ৫৮৮টি স্কুল থেকে ১ লাখ ২৮ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৭ হাজার ৫২০ জন। পাশ করেছে ১ লাখ ২১ হাজার ১০৮ জন। এবার ৯৬৯টি স্কুলের পাশের হার শতভাগ। গত বছর এই সংখ্যা ছিলো ১ হাজার ৫৫টি। মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন। গত বছর এই সংখ্যা ছিল ১৯ হাজার ৮১৫ জন।
এদিকে অভাবনীয় ফলাফলে রাজশাহীর স্কুলগুলোতে বিরাজ করছে আনন্দের বন্যা। শিক্ষা বোর্ড থেকে শনিবার দুপুর একটায় ফলাফল ঘোষণার কথা থাকলেও তার আগেই স্কুলগুলোতে ফলাপল পৌঁছে যায়। সেই সঙ্গে শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ উল্লাসে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর ১৯৭১ সালে পাসের হার ছিল শতকরা ৯৩ দশমিক ৫৩ ভাগ। এরপর ২০১৩ সালে পাশের হার দাঁড়ায় ৯৪ দশমিক ০৩। ২০১৪ সালে সকল রেকর্ড ভেঙে গড় পাশের হার দাঁড়ায় ৯৬ দশমিক ৩৪।
এ উপলক্ষে বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামসুল কালাম আজাদ বলেন, ভালো হওয়ার পেছনে সৃজনশীল প্রশ্নপত্র সস্পর্কে শিক্ষদের আগাম প্রস্তুতি, শিক্ষার্থীদের অনুশীলন এবং অভিভাবকদের সচেতনতা বড় ভূমিকা রেখেছে। পরীক্ষার সময় হরতাল-অবরোধ না থাকলে ফলাফল আরও ভালো হতে পারতো।
সেরা কুড়িতে বগুড়ার ৬, রাজশাহীর ৫ স্কুল
এবার এসএসসি’র ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডের সেরা কুড়িটি স্কুলের মধ্যে বগুড়ার ৭টি এবং রাজশাহীর ৫টি স্কুল উঠে এসেছে। এছাড়া পাবনার ৪টি এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও নাটোরের একটি করে স্কুল সেরা কুড়িতে এসেছে। এগুলো হলো যথাক্রমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ; বগুড়া জেলা স্কুল; রাজশাহী ক্যাডেট কলেজ; রাজশাহী কলেজিয়েট স্কুল; বগুড়া গভ. গার্লস হাইস্কুল; পাবনা ক্যাডেট কলেজ; রাজশাহী গভ. গার্লস হাইস্কুল; বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া; গভ. পি.এন. গার্লস হাইস্কুল, রাজশাহী; এসওএস হারমান গুণিয়ার কলেজ, বগুড়া; গভ. ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী; পাবনা জেলা স্কুল; নওগাঁ গভ. কে.ডি হাইস্কুল; পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ বগুড়া; আর্মড পুলিশ ব্যাটলিয়ন পাবলিক স্কুল, বগুড়া; পাবনা গভ. গার্লস হাইস্কুল; মোমেনা আলী বিজ্ঞান কলেজ, সিরাজগঞ্জ; আল-হেরা একাডেমি পাবনা; জয়পুরহাট আর.বি গভ. হাইস্কুল; কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর।