দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপিকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার সুযোগ নাই। তারা লুটপাট করতেই ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। মানুষ পেট ভরে খেতে পায়।’
শনিবার সকালে চাঁদপুরের মতলব ফেরিঘাটে ‘মতলব সেতুর’ ভূমি অধিগ্রহণের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রথম কিস্তিতে ১৮ জনকে এক কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৩৩ কোটি টাকা বিতরণ করা হবে।
তিনি ভূমি অধিগ্রহণের অর্থ উত্তোলন প্রসঙ্গে বলেন, ‘ এ টাকা তুলতে গিয়ে এক টাকাও কাউকে ঘুষ দেবেন না। কোন দালালদের সুযোগ দেবেন না।’
এ সময় চাঁদপুরের ডিসি মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা চেয়াম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।