রাজধানীতে দুই নারী ও যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষের মরদেহ রয়েছে। শনিবার রাজধানীর পৃথক তিন স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা রেলওয়ে থানার কাওলায় এয়ারপোর্ট-কাওলা রেললাইন নামক এলাকা থেকে বিউটি বেগম (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। 
 
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ উপস্থিত সাংবাদিকদের জানান, নিহতের গলার অনেকাংশ কাটা। তার হাতেও কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। নিহত বিউটি বেগম ‘দুর্জয়’ নামক একটি এনজিও’র সদস্য। তিনি ঠাকুরগাঁও জেলার সদর থানা এলাকার শেখ আব্দুলের মেয়ে। বিউটি গাজীপুরে বসবাস করতেন। কিন্তু এখানে কিভাবে লাশটি এল তা বোঝা যাচ্ছে না।
  
এদিকে, মুগদা থানার উত্তর মুগদা এলাকার ৯৫/১ নম্বর বাসা থেকে খাদিজা বেগম (৩২) নামে অপর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন সাংবাদিকদের জানান, গত শুক্রবার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে খাদিজা একজন পুরুষকে সঙ্গে করে ওই বাসাটি ভাড়া নেন। পরে শনিবার সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা খোঁজ নিতে যান। সেখানে তারা খাদিজাকে মৃত অবস্থায় পান। নিহত খাদিজার আত্মীয়-স্বজন জানিয়েছেন, তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার হুমায়ূনপুর গ্রামের ইসমাইল উদ্দিনের মেয়ে। খাদিজার গলায় লালচে দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খাদিজার স্বামী পরিচয় দেয়া পুরুষটি পলাতক রয়েছেন বলে জানান এসআই উজ্জ্বল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 
 
অন্যদিকে, ভাটারা এলাকা থেকে ফয়জুল তালুকদার (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাটারার খিলবাড়িটেক মধ্যপাড়ার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
 
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসা থেকে ফয়জুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য তিনটি মরদেহই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।