সেরাদের তালিকায় দ্বিতীয় রাজউক

এসএসসিতে এবার সেরা অবস্থান ধরে রাখতে পারেনি রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ। ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় সবার সেরা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে এবার ঢাকা বোর্ডে তাদের অবস্থান দ্বিতীয়।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই প্রথম সারিতে অবস্থান করে থাকে স্কুলটি। বিগত পাঁচ বছরের ফলাফলের পরিসংখ্যান এমনটাই বলছে। 
 
দেখা যায়, পাঁচ বছরের মধ্যে এসএসসিতে চারবারই প্রথম অবস্থানে ছিল রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ। এর মধ্যে ২০১০, ২০১১ ও ২০১২ সালে টানা তিনবার এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ড সেরা হয় প্রতিষ্ঠানটি। তবে ২০১৩ মেধা তালিকায় রাজউকের অবস্থান ছিল তৃতীয়। 
 
এ বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে দুইজন পাস করতে পারেনি। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৯৬ জন সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে। 
 
গতবছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৫১৫ জন শিক্ষার্থী। পাস করে সবাই। ৫০৭ জনই অর্জন করে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। এছাড়া ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৩০ জন শিক্ষার্থী। পাস করে সবাই। ৩৯২ জনই অর্জন করে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। বাকি ৩৮ জন পায় জিপিএ চার দশমিক ৫০ থেকে চার দশমিক ৯৪ এর মধ্যে।
 
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইনামুল হুদা জানান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এই ফলাফল। কিছু শিক্ষার্থীর জিপিএ-৫ না পাওয়া সম্পর্কে তিনি বলেন, সবাই সমান মেধাবী হয় না। তারপরও বর্তমানে মেধাবী শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়ছে।
 
স্কুলের মাঠে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। সকলের মুখে সফলতার হাসি বলে দেয় সফল সমানভাবে তারাও। মিরপুরের আসমা খাতুন বলেন, শিক্ষকরা যেমন সহযোগিতা করেছেন তেমন তারাও সন্তানের নোট সংগ্রহ, নিয়মিত পরীক্ষা দেয়া ও সুস্থ থাকার প্রতি যতœশীল ছিলেন। এমনই আর একজন অভিভাবক সুমা আহমেদ বলেন, আমার ছেলে বরাবরই ভাল করেছে। তাই তার আশা ছিল ছেলে এমনটাই করবে।