বিশ্বকাপে তার ডাক পাওয়াটাই ছিলো বিস্ময়। কিন্তু পরের কয়েকটা মাসে সৌম্য সরকার বুঝিয়ে দিয়েছেন, তিনি থাকতেই এসেছেন। পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করায় তামিম ইকবালের সঙ্গে যোগ্যতম সঙ্গত করেছেন। এবার আরও বড় শিকার ধরার আশা করছেন সৌম্যরা।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতির ফাকে বললেন, এবার ভারতের বিপক্ষেও ওই ফলাফলটা চান, ‘পাকিস্তান সিরিজে আমরা সবাই ভালো খেলছি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ভালো কিছু হবে ভারত সিরিজেও। সবার ভালো হলেই রেজাল্টটা ভালো হবে।’
IMG0
ভালো কিছু বলতে কী বোঝাচ্ছেন, সেটা খুব একটা চেপে রাখলেন না এই ওপেনিং ব্যাটসম্যান। তার হিসাবে ফর্মের বিচারে ভারতের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট, ‘আমার কাছে মনে হয় ফেবারিট। কারণ আমরা যেভাবে খেলছি, পারফরম্যান্স যেভাবে ভালো হচ্ছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমাদের ভালো কিছু হবে।’
ভারতের খেলোয়াড়রা বিশ্বকাপে, আইপিএলে যে ভালো ফর্মে ছিলেন, এটাকেও খুব একটা বিবেচনায় নিতে চান না এই ব্যাটিং অলরাউন্ডার, ‘আসলে ফর্মে তো সবাই থাকে। কিন্তু খেলা তো হবে মাঠে। ওখানে যারা ভালো খেলবে রেজাল্ট তাদের পক্ষেই আসবে।’
যদিও সৌম্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সাফল্য পেয়েছেন ওপেনিং করে। কিন্তু ইনজুরিতে থাকা এনামুল হক বিজয় আবার ফিরে আসছেন। তাকে ওপেনিং ছেড়ে দিয়ে সৌম্যকে আবার তিন নম্বরে নেমে যেতে হতে পারে। এই নিয়ে কোনো অভিযোগ বা চিন্তা সৌম্যর নেই, ‘আমি এটা বিশ্বকাপের আগে বলেছিলাম দল আমাকে যেখানে খেলাবে আমি সেখানেই খেলবো।’
ওয়ানডেতে ওপেন করলেও টেস্টে আবার লোয়ার অর্ডারে ব্যাট করতে হবে। সে জন্য ইতিমধ্যে বিসিএলে সেঞ্চুরি করে নিজেকে প্রস্তুত করে রেখেছেন, ‘এটা নিয়ে কাজ করছি। বিসিএলেও আমি কিন্তু ৫-৬ এ ব্যাটিং করছি। আমাকে বলা হয়েছিল সেভাবে। যেহেতু একটা ম্যাচ আছে। খেলে দেখি, কেমন হয়। প্রথম ইনিংসে সফলতা পাইনি, দ্বিতীয় ইনিংসে সফল হয়েছি।’
পাশাপাশি টেস্টে আরেকটু বড় ইনিংস খেলার জন্যও নিজেকে তৈরি করছেন বলে বললেন সৌম্য, ‘এই প্রস্তুতি আমি অলরেডি নেওয়া শুরু করেছি। প্রথম টেস্টে আমি দুই ইনিংসেই সেট হয়ে আউট হয়ে গেছি। দ্বিতীয় টেস্টে ভালো করতে পারি নাই। সেট হতে পারিনি। তারপর প্র্যাকটিস যখন শুরু করছি তখন থেকেই আমি চেষ্টা করছি যে টেস্ট যেভাবে, ওইভাবে মানসিকভাবে ফিট হওয়ার জন্য। যে বল ছাড়তে হবে, টিকে থাকতে হবে, এটা নিয়ে কাজ করা শুরু করেছি।’