খুলনায় শান্তিরক্ষী দিবসের বর্ণাঢ্য র‌্যালি


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৫ উপলক্ষে খুলনায় পিসকিপার্স রান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ নৌ বাহিনীর ব্যবস্থাপনায় এই পিসকিপার্স রান ও র‌্যালি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ ময়দানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর শামসুল আলম, এনইউপি, এনডিইউ, পিএসসি স্বাগত বক্তব্য রাখেন। এ সময় শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

র‌্যালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্য, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থীসহ ৪৫০ জন অংশগ্রহণ করেন।

জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯ মে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশে ৩১ মে দিবসটি পালনের লক্ষ্যে খুলনায় বিভিন্ন কর্মসূচির পাশপাশি র‌্যালির আয়োজন করা হয়।

এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ১ লাখ ৩৪ হাজার ৯৪৭ জন শান্তিরক্ষী সদস্য  বিশ্বের ৪০টি দেশে ৫৪টি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের প্রেরণকারী দেশ হিসাবে মর্যাদা লাভ করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ১২৪জন সদস্য জীবন উৎসর্গ করেছে।