কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার পিস ইয়াবাসহ শাকের আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাকের ঐ এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশের দাবি আটক শাকের দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন। অবশেষে পুলিশ তাকে হাতে নাতে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়ায় অভিযান চালিয়ে ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাকের আহমদকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা বলে জানান তিনি।
ওসি আরো জানান, আটক শাকেরের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করে আজ রবিবার তাকে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে।