মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহীর মৃত্যু


যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার বসুন্দিয়া-ধলদা সড়কের বাররা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘারপাড়ার বাররা গ্রামের আবদুল হামিদের ছেলে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম (৩০) ও মালেক বিশ্বাসের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল খায়ের (৩০)।
আহত হয়েছেন একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে অপর মোটরসাইকেল আরোহী আবদুল হালিম (২৯)।

বাঘারপাড়ার ভিটাবল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরুন কুমার কর জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার বসুন্দিয়া বাজার মোড় থেকে ধলদা রোড ধরে নিজ গ্রাম বাররা যাচ্ছিলেন। গ্রামের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালে মারা যান মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান মোটরসাইকেল চালক আবুল খায়ের। গুরুতর অবস্থায় আবদুল হালিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।