অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট


শিমুলিয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ও স্বাধীন এক্সপ্রেস নামের পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে রবিবার সকাল থেকে বাস ধর্মঘট চলছে। মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেড়ারেশন শ্রমিক ইউনিয়ন এই বাস ধর্মঘটের ডাক দিয়েছে।

শিমুলিয়া ঘাটে বাস প্রতি ৪০ টাকা টোল আদায় ও স্বাধীন নামে একটি পরিবহনকে নিয়মনীতি না মেনে চলাচলের অনুমতি দেয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে এই রুটে চলাচলকারী বাস মালিকরা। তবে দূর পাল্লার বাস চলাচল এ ধর্মঘটের আওতা মুক্ত রয়েছে।

এদিকে রবিবার সকাল থেকে স্থানীয় ১২টি পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পরেছে দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রী।

মাওয়া ঘাট পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ নোমান মিয়া জানান, তাদের মুলত দাবি স্বাধীন পরিবহন নামের নতুন পরিবহনটির রোড পারমিট না দেয়া ও ঘাটের পাকিং ইয়ার্ড টোল ফ্রি করা।  

মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর জানান, বিআইডব্লিউটিএ সম্প্রতি অবৈধভাবে বিআইডব্লিউটি-এর পাকিং ইয়ার্ড ইজারা দিয়ে এখন বাস মালিকদের নিকট থেকে টোল আদায় শুরু করেছে। তাই অবৈধ এ টোল আদায়ের প্রতিবাদে আমারা ঢাকা-মাওয়া রুটে চলাচলরত ১২টি বাস মালিক পক্ষ একমত হয়ে এ ধর্মঘটের ডাক দিয়েছি।