ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় নৌপথে দু’দেশের ব্যবসার ব্যাপারে ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ল্যান্ডিং স্টেশনের সামনের অবৈধ দখলে থাকা স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এ তথ্য জানান।
শাজাহান খান বলেন, ‘এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথেও বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা বাড়বে।’
তিনি জানান, ইতোমধ্যেই ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করে শীতলক্ষ্যা নদী অবৈধ দখলমুক্ত করা হচ্ছে। এখানে আরো ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নৌপথে চাঁদাবাজি বন্ধে এবং দুর্ঘটনা এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা।