রামপালে নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুই শ্রমিক নিহত

বাগেরহাটের রামপালে নির্মানাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নির্মাণ শ্রমিক। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন, এমডি নায়েব আলী (৪৫) ও  মো. ফিরোজ (৪৯)। আহত হয়েছেন মো. সোহানুর (২৪)। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধু সেনানিবাসে ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান রাত সাড়ে এগারোটায় এই প্রতিবেদককে বলেন, ‘রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারি কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মান শ্রমিকের গায়ের ওপর পড়ে যায়। এতে নায়েব আলী ও ফিরোজ নামে দুজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। সোহান নামে অপর একজন গুরুতর আহত হন। আহত শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় এই শ্রমিকরা ওই কন্টেইনারের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন। নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতদের প্রত্যেককে পরিবারকে কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপুরণ দেবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু