জেলার চকরিয়া উপজেলায় অপহৃত কলেজ ছাত্র নুর মোহাম্মদকে (২৬) ৩১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার চার অপহরণকারীর স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বাককুম পাহাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। সাব্বির নুর মোহাম্মদ চাঁদপুর জেলার হাজিগঞ্জের মুকিমাবাদ গ্রামের হাফেজ হোছাইন আহমদের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খুটাখালী বাজারের লুৎফুর রহমান (৩৩), খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ইমরান হোসেন (২২), কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি দক্ষিনপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও একই এলাকার মো. পিয়ারুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গত শুক্রবার চাঁদপুর থেকে কক্সবাজারে বনভোজনে যান সাব্বির। রাত আটটার দিকে জেলা শহরের নিউ মার্কেটে অপহরণকারীরা কৌশলে পরিচিত হয়ে ভাব জমিয়ে অজ্ঞান করে সাব্বিরকে অপহরণ করে। শুক্রবার রাতেই নূর মোহাম্মদের পরিবার সদস্যরা ঘটনাটি কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)জানায়। এ সময় পুলিশ অপহরণকারীদের অবস্থান চকরিয়া উপজেলায় সনাক্ত করেন। ঘটনায় জড়িত একে একে সব অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নুর মোহাম্মদকে ওই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।