রাজধানীর পুরান ঢাকায় একটি ব্যাংকে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকরা। তারা হলেন—আব্দুর রহিম (৫০) ও শাহজাহান (২৮)। রবিবার দুপুর আড়াইটার দিকে নবাবপুর রোডের এনসিসি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পুলিশ প্রহরায় চিকিত্সা দেয়া হচ্ছে। তবে তারা চুরির চেষ্টাও করেনি বলে জানিয়েছে পুলিশ।
সূত্রাপুর থানার এসআই শরিফুল ইসলাম জানান—দুপুরে এনসিসি ব্যাংকের নবাবপুর রোড শাখায় ঢুকে ওই দুই ব্যক্তি অধা ঘণ্টা ধরে সন্দেহজনকভাবে চলা-ফেরা করছিলেন। এ সময় তাদের গতিবিধি ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সঠিক কোনো জবাব দিতে না পারায় গ্রাহক ও কর্মকর্তারা তাদের মারধর করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পুলিশ প্রহরায় তাদের চিকিত্সা চলছে। তাদের আটক করা হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।