সেই ওসি হেলাল কারাগারে

 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা হেলালউদ্দিন আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
খিলগাঁও থানার সাবেক ওসি হেলালউদ্দিন রবিবার ঢাকার হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় হেলালের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সাইদুর রহমান মানিক।
 
২০১১ সালের ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের তত্কালীন ছাত্র কাদেরকে আটকের পর তাকে ছিনতাইকারী হিসেবে দেখানোর জন্য থানায় নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন ওসি হেলাল। কিন্তু স্বীকারোক্তি না পেয়ে চাপাতি দিয়ে তার পায়ে আঘাত করেন।
 
ওই মামলার রায়ে গত ১৭ মে হেলালকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়, এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস জেল খাটতে হবে। ফৌজদারি আইনের ৩২৪ ধারা অনুযায়ী, মৃত্যুর কারণ ঘটাতে পারে এমন কোনো অস্ত্র দিয়ে আঘাতের দায়ে এটাই সর্বোচ্চ সাজা।
 
পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণিত কাদের বর্তমানে একজন সরকারি কর্মকর্তা। বিসিএস দিয়ে তিনি শিক্ষকতা করছেন লক্ষীপুর সরকারি মহিলা কলেজে। ওই ঘটনার কারণে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত হওয়া হেলাল রায়ের দিন আদালতে হাজির ছিলেন না। তিনি আইনজীবীর মাধ্যমে পেটের পীড়ার কথা বলে রায় পেছানোর আবেদন পাঠালে বিচারক তা নাকচ করে সেদিনই রায় ঘোষণা করেনু।