তানোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর তানোর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রবিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার জুমারপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আহত সোহেল (২৫) ও সাফিউলকে (২৪) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতরা উপজেলার সিন্দুকাই গ্রামের বাসিন্দা।
 
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহত ওই তিন বন্ধু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে বাড়ি ফেরার পথে রাজশাহীর তানোরের জুমারপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত করাতে রাজি হচ্ছে না। আহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।