বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে রবিবার দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে গুলশান ২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে সকাল সাড়ে ১১ টায় তিনি খাবার বিতরণ শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার সেখানে পৌঁছানোর আগেই মঞ্চটি ভেঙে দেয় পুলিশ। এরই মাঝে খালেদা জিয়া উক্ত স্থানে এসে হাজির হন এবং খাবার বিতরণ শুরু করেন।
এরপর মহাখালী কমিউনিটি সেন্টার, শাহীনবাগ, এফডিসি, জাতীয় প্রেসক্লাব সিআর দত্ত রোড, গাবতলী খালেক এন্টার প্রাইজ, শাহা আলী মাজার, মিরপুর ১১ পল্লবী, শেওড়াপাড়া, উত্তরা আমির কমপ্লেক্সের পেছনে খাবার বিতরণের মধ্য দিয়ে তিনি দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
রবিবার ১৯ স্থানে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের অসংখ্য নেতাকর্মী।
প্রেসক্লাবে খালেদা জিয়া
জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবনের ওপর রবিবার জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন খালেদা জিয়া। দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এ আলোক চিত্র প্রদর্শনীর ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন।
এ সময় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ সভাপতি নাজমুল হাসানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।