মোদীর সফরে তিস্তা চুক্তি নয়: সুষমা

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল রবিবার দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নরেন্দ্র মোদী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোদীর সফরে তিস্তা চুক্তি নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল সুষমা স্বরাজের এই বক্তব্যের মধ্য দিয়ে তার অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে।

 
সুষমা স্বরাজ জানান, আগামী ৬ জুন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে দুই দিনের সফরে যাচ্ছেন। এই সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো এই ইস্যুতে পুরোপুরিভাবে সম্মতি দেননি। এক প্রশ্নের জবাবে সুষমা স্বরাজ বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাজি করানোর চেষ্টা চলছে। ২০১১ সালে তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরেও মমতা ব্যানার্জি শেষ সময়ে এসে তিস্তা চুক্তিতে সম্মতি দেননি। তিনি মনমোহন সিংয়ের সফরসঙ্গীও হননি। পররাষ্ট্র মন্ত্রী সুষমা বলেন, মমতা ব্যানার্জি যে মোদীর সফরসঙ্গী হচ্ছেন সেটা নিশ্চিত। তবে মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী যাওয়ার একদিন আগে কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না। মমতা তিস্তার পানি নিয়ে কল্যাণ রুদ্র নামের এক পানি বিশেষজ্ঞকে দিয়ে এক সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছিলেন যার ফলাফল এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রী সুষমা বলেন, স্থলসীমান্ত চুক্তি পার্লামেন্টে পাস করে অর্থাত্ বাংলাদেশের জন্য একটা সুখবর নিয়ে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এই বিল পাসকে মোদী জার্মানের বার্লিন প্রাচীর পতনের সঙ্গে তুলনা করেছেন সমপ্রতি।
 

সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরিত না হলেও প্রধানমন্ত্রী মোদী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন তখন মমতাও সেখানে উপস্থিত থাকবেন। এসময় বিষয়টি আলোচনায় আসতে পারে। বাংলাদেশ সফরের চার দিন আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মোদীর বৈঠক তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৩ কিংবা ৪ জুন সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়ার সঙ্গেও মোদীর বৈঠকের কথা রয়েছে। তিস্তা চুক্তি সম্পর্কে মনমোহন সিং বিস্তারিত জানেন এবং তার সময়ে চুক্তিটি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। আর ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন দেব গৌড়া বাংলাদেশের তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করেন। মূলত তিস্তা চুক্তি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মমতাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন মোদী।