বার্সেলোনাতেই থাকছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ডানি আলভেস। মৌসুমের শেষে তিনি পিএসজিতে যাচ্ছেন বলে যে খবর এসেছে তা উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ লরেন্ট ব্ল্যাঙ্ক।
৩০ জুন কাতালান জায়ান্টদের সাথে আলভেসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এক সপ্তাহ আগে আলভেস নিজেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি আর বার্সেলোনায় থাকছেন না। এর পিছনে তিনি বোর্ড সদস্যের তার প্রতি বিরুপ মনোভাব পোষণকেই দায়ী করেছিলেন।
কিন্তু পিএসজি কোচ মনে করেন দীর্ঘদিন ধরে বার্সায় থাকা এই ব্রাজিলিয়ান রাইট ব্যাকের সাথে সব সমস্যার অবসান হবে এবং অচিরেই তার সাথে কাতালানরা নতুনভাবে চুক্তি করবে। আলভেসেরও তাই ইচ্ছা বলেই ব্ল্যাঙ্ক ইঙ্গিত দিয়েছেন। এখন আলভেস বার্সেলোনার পক্ষ থেকে প্রস্তাবের অপেক্ষায় আছেন। তবে তাকে দলে পেলে পিএসজিরও ভাল হতো বলেই মন্তব্য করেছেন ব্ল্যাঙ্ক।
খবর বাসসের।