কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। বর্ডার র্গাড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সোমবার ভোরে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- টেকনাফ হ্নীলা পশ্চিম লেদা এলাকায় মৃত আবুল কাশেমের ছেলে মো. আফসার কামাল (২২) ও আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে রশিদ (১৮)।
জানা গেছে, সোমবার ভোরে লেদা বিওপি চৌকির নায়ক সুবেদার তারা মিয়ার নেতৃত্বে হ্নীলা ইউনিয়নে লেদা এয়ারটেল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৯২০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭৬ হাজার টাকা।