ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এক সপ্তাহ আগে ধান মাড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর গ্রামের কালা মিয়ার গোষ্ঠীর জাকির মিয়ার স্ত্রী হোসনা বেগম এবং হাফাজ মিয়ার গোষ্ঠীর হীরা মিয়ার স্ত্রী জোসনা বেগমের বাক্বিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল রবিবার রাত আটটার দিকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে হাফাজ মিয়ার গোষ্ঠীর মো. রতন মিয়া (৩২) টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে জেসমিন আক্তার (৩০), রোকেয়া বেগম (৪৫) এবং ছালাম মিয়াকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর পর্যন্ত এনিয়ে থানায় মামলা হয়নি।